সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়ায় নদীর চরে ছোট-বড় মিলিয়ে শত শত বিভিন্ন প্রজাতির গাছ কেটে মাটি চাপা দেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন বাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, একজন ঠিকাদার তার ম্যানেজারকে দিয়ে খোলপেটুয়া নদীর চরে ব্লক বানানোর জন্য মাঠ তৈরিতে গাছ কেটে মাটি চাপা দিচ্ছে। এতে একদিকে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে উপকূলীয় এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। বিশেষ করে গাছ গুলি নদীর চর ও বেড়ি বাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, আব্দুর রউফ, আবেদার রহমান, ইউপি জামায়াতের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
স্থানীয়রা জানান, পরিবেশ রক্ষা ও উপকূল সুরক্ষায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন পানি আটকানো বাঁধ নিজে দাঁড়িয়ে থেকে কেটে দেন। এ বিষয়ে তিনি বলেন খবর পাওয়া মাত্রই গাছ কাটা বন্ধ করা হয় এবং মাঠ তৈরীর বাঁধ কেটে দেওয়া হয়। এছাড়া এখানে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









