কুমিল্লার দাউদকান্দিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়ী দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়। নিহতের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে এবং ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার উত্তর খালিপপুর গ্রামে ।
জানা গেছে, দিনাজপুর থেকে নোয়াখালীগামী চাল বোঝাই একটি ট্রাকে করে ধান কাটার শ্রমিকরা ঐ এলাকায় যাচ্ছিলেন। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তারা নিহত হন।
বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ৪ জন নিহতের সত্যতা পরিচয় নিশ্চিত করেন।
নিহতরা হলেন নিশিবাপুর (ভাইগড়) গ্রামের- পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৮) ও একই গ্রামের বিষু মিয়া (৩৪)।
নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রাম থেকে হেলাল উদ্দিন মুঠোফোনে জানান- ১৩ জন শ্রমিক ধান কাটার উদ্দেশে স্বল্প ভাড়ায় চাল বোঝায় ট্রাকে রওনা দিয়েছিল। দুঘর্টনায় ৩ জন নিহত হয়েছেন এবং ৬ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- খালিপপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫),মাহবুব আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)।
দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার নিহত কৃষি শ্রমিক পরিবারগুলোর মাঝে চলছে শোকের মাতম। পরিবারের ভরণ-পোষণের যোগানদাতাদের হঠাৎ মৃত্যুতে, তারা দেখছে অনিশ্চিত ভবিষৎ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









