গ্রামীণ বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে পটুয়াখালীর দুমকিতে জমকালো এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের বিশাল এক খোলা মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই উৎসবমুখর প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পহেলা বৈশাখের দিনে ঘোড়দৌড়কে কেন্দ্র করে দক্ষিণ মুরাদিয়া গ্রাম যেন এক মিলনমেলায় পরিণত হয়। নারী-পুরুষ ও শিশুসহ সর্বস্তরের মানুষের ঢল নামে অনুষ্ঠানস্থলে। মাঠের চারপাশ ঘিরে বসে হরেক রকমের অস্থায়ী দোকানপাট।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা অন্তত ১২টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল ১২ থেকে ১৫ বছর বয়সী কয়েকজন কিশোর সওয়ারি (ঘোড়সওয়ার), যাদের নৈপুণ্য দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে।
লোহালিয়া থেকে আসা দর্শনার্থীরা বলেন, স্মৃতিধন্য এই ঘোড়দৌড় দেখে আমরা আবেগাপ্লুত। হাজার হাজার মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে মানুষ আজও শিকড়কে ভোলেনি।
স্থানীয় শিক্ষার্থী রাকিব হোসেনের মতে, নিজ গ্রামে এমন আয়োজন দেখে আমাদের হারানো ঐতিহ্যের কথা মনে পড়ে গেল। আমরা চাই প্রতি বছরই যেন এমন বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম তরিক খান এই উদ্যোগের প্রশংসা করে বলেন, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এটি একটি অসাধারণ প্রচেষ্টা। নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বারবার হওয়া প্রয়োজন।
আয়োজক কমিটির সদস্যরা জানান, সুস্থ বিনোদন এবং গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই এই ক্ষুদ্র প্রয়াস। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









