গাজীপুর মহানগরে বাংলা নববর্ষ উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে ঐতিহ্যবাহী চরক পূজা উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে সকাল থেকে মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের উধুর এলাকায় এ পূজা অনুষ্ঠিত হয়।
এবারই প্রথমবারের মতো এ এলাকায় চরক পূজার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। নববর্ষের দিন হওয়ায় পূজাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন এই পূজা ও সংশ্লিষ্ট মেলা দেখতে।
জানা গেছে, চরক পূজা মূলত গাজন উৎসবের অংশ, যা চৈত্র সংক্রান্তিতে পালিত বাঙালি হিন্দুদের অন্যতম প্রধান লোকোৎসব। শিবের আরাধনায় নিবেদিত এই পূজায় ভক্তরা নানা ব্রত ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করেন। সন্ন্যাসীরা কঠোর উপবাস পালন করেন এবং অনেক ক্ষেত্রে শরীর ফোঁড়ানো বা চরক গাছে ঘোরার মতো কৃচ্ছ্রসাধনের মধ্য দিয়ে শিবের সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। এর মাধ্যমে পুরোনো বছরের দুঃখ-কষ্ট দূর করে নতুন বছরে সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।
পূজাকে কেন্দ্র করে এলাকায় বসে অস্থায়ী মেলা ও বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, এমন আয়োজন এলাকায় নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতেও এই উৎসব আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









