মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী এক ফুটবল টুর্নামেন্ট।
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মোবাইল গেমস ও নেশা ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়।
বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’ এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকার তরুণদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে রাজাবাড়ি দিশারী ক্লাব ও ইউনিক এফসি (ডুবি) মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাটি ২-২ গোলে ড্র হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ সূচনা করেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল বেরুনী সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আহম্মেদ হোসেন মনজুর অয়নসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনামুল হক রতন মাস্টার, নাজমুল আহসান দুলাল ডাক্তার, খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









