বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় ড্রেন সংস্কার কাজের ধীরগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সংস্কারের নামে দীর্ঘদিন ধরে ড্রেনগুলো উন্মুক্ত ফেলে রাখায় সেখানে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার ঘটছে। এতে পৌর এলাকাজুড়ে ভয়াবহ ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি এবং কর্তৃপক্ষের উদাসীনতায় এই উন্নয়ন কাজ এখন জনভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার বাড়ইপাড়া, আন্দরবাড়ি, সাহাপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ড্রেন সংস্কার কাজ চলছে দীর্ঘ দেড় বছর ধরে। কিন্তু কাজ শেষ না হওয়ায় ড্রেনগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। অনেক জায়গায় ড্রেনের পানি উপচে রাস্তায় জমাট বেঁধে আছে। দীর্ঘদিনের এই বদ্ধ পানি ও আবর্জনায় মশার লার্ভা কিলবিল করছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেন পরিষ্কারের পরিবর্তে এগুলোকে এখন ‘মশার খামার’ বানিয়ে রাখা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, দেড় বছর আগে বেশ কিছু ড্রেন নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তবে কাজ শুরুর কিছুদিনের মধ্যেই তা স্থবির হয়ে পড়ে। বর্তমানে বেশিরভাগ ড্রেন উন্মুক্ত অবস্থায় পড়ে আছে, যা শিশু ও বৃদ্ধদের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বাড়ইপাড়া গ্রামের শিরিনা চাল কলের মালিক আনিসুর রহমান বাটু বলেন, “দীর্ঘদিন রাস্তার অর্ধেক পর্যন্ত কেটে ড্রেন নির্মাণ কাজ শুরু করে সারিয়াকান্দি পৌরসভা কর্তৃপক্ষ। এখনও কাজ সম্পন্ন হয়নি। এই অবস্থায় চাতালে ধান আনা-নেওয়া করতে খুব অসুবিধা হচ্ছে। রাস্তায় গাড়ি চলাচল করলে পথচারীরা হেঁটেও চলাচল করতে পারে না।”
কাজের দীর্ঘসূত্রতার বিষয়ে জানতে চাইলে সারিয়াকান্দি পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, “পৌরসভার বিভিন্ন এলাকায় ড্রেন সংস্কার কাজ চলমান আছে, সম্পন্ন করতে সময় লাগবে।”
জনভোগান্তির কথা বললে এই কর্মকর্তা জানান, “জনদুর্ভোগ তো হবেই, এটা স্বাভাবিক।”
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস জানান, প্রকল্পগুলো পরিদর্শন করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মতে, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যদি এই ড্রেনগুলোর কাজ সম্পন্ন না করা হয়, তবে সারিয়াকান্দিতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। অবিলম্বে নির্মাণ কাজ শেষ করে নিয়মিত মশক নিধন স্প্রে করার মাধ্যমে পৌরবাসীকে এই আতঙ্ক থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









