ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯-এর সিপিসি-১-ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমীরপুর গ্রামের সৈয়দ লিংকন-(৩৭) ও সাতক্ষীরা জেলার সদর উপজেলার আগরদাড়ি গ্রামের ইমরান হোসেন-(২৬)।
র্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সুহিলপুর বাজার এলাকায় একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









