চরফ্যাশনে ইউনিয়ন যুবদল নেতাদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় আন্তঃউপজেলা ফেরিঘাট ইজারাদার আবদুল গনি সিকদারের ছেলের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মাদ্রাজের সামরাজ স্লুইজ ঘাটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত বেলায়েত সিকদারকে (৩৫) চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ ঘটনায় ইজাদার আবদুল গনি সিকদার বাদী হয়ে যুবদল নেতা আল আমিন সিকদারসহ ৬ জনকে বিরুদ্ধে চরফ্যাসন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
ইজারাদার আবদুল গনি সিকদার জানান, দীর্ঘদিন যাবত তিনি আন্তঃউপজেলা ফেরিঘাট ইজারা নিয়ে ট্রলারের মাধ্যমে মনপুরা উপজেলার চরনিজাম কালকিনি হতে চরফ্যাশন উপজেলার মাদ্রাজের সামরাজ স্লুইজ ঘাট পর্যন্ত যাত্রী পরিবহন সেবা দিয়ে আসছেন। এ বছরও সরকারি রাজস্ব পরিশোধ করে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে তিনি ঘাটটি ইজারা পেয়েছেন।
মঙ্গলবার ইজাদার গনি সিকদারের ছেলে চালক বেলায়েত সিকদার মনপুরা উপজেলার চরনিজাম কালকিনি হতে যাত্রী নিয়ে চরফ্যাশন উপজেলার মাদ্রাজের সামরাজ স্লুইজ ঘাটে পৌঁছালে দুপুরে স্থানীয় যুবদল নেতা আল আমিন সিকদারের নের্তৃত্বে ফারুক খলিফা, জাকির হোসেন মিয়াজী, সফিক গোলদারসহ অন্য বিবাদীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
বেলায়েত সিকদার বৈধভাবে ঘাট ইজারা পেয়েছেন জানিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানাতেই তারা বেলায়েত সিকদারের উপর হামলা চালায়।
এ বিষয়ে জানতে যুবদল নেতা আল আমিন সিকদারের মুঠোফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেনি।
যুবদল নেতা জাকির হোসেন বলেন, “আমাদের পক্ষ এবং অভিযোগকারী আব্দুল গনি শিকদারের পক্ষ বিগত বছরগুলোতে যৌথভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। এই বছরও যৌথভাবে এর ইজারা নেওয়ার কথা ছিল। বিষয়টি চরফ্যাশন উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দেরও এরকমের সিদ্ধান্ত ও নির্দেশনা ছিল। তবে আব্দুল গনির শিকদার তাদের এ সিদ্ধান্ত অমান্য করে আমাদেরকে বাদ দিয়ে তারা নিজেরা মনগড়াভাবে ইজারা নিয়ে নতুন বছরে ব্যবসার কার্যক্রম শুরু করতে চেষ্টা করে। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে মনোমালিন্য হয়। আমি ঘটনাস্থলে ওই সময় ছিলাম না। তবে আমাদের পক্ষের অন্যান্য লোকদের সাথে অভিযোগকারী আব্দুল গনি শিকদারের পক্ষের কথা কাটাকাটি হয়েছে। চাঁদাবাজির ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট।”
এই ঘটনায় চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, এমন কোনো ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









