কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মুদ্রা ও মাদক পরিবহনে ব্যবহৃত সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহ্ পরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নয়াপাড়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। এ সময় নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামে দুই মাদককারবারিকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিনে শাহ্ পরীর দ্বীপ এলাকায় নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে অভিযান চালিয়ে বিভিন্ন গোপন কুঠুরি থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও মিয়ানমারের ১১ হাজার কিয়াত মুদ্রা জব্দ করা হয়েছে।
জব্দকৃত ইয়াবা, বিদেশি মুদ্রা ও অন্যান্য আলামতসহ আটক দুই ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকায় মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









