সিলেটে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর বিবাহ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরের আমানউল্লাহ কনভেনশন হলে জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয় এই গণবিবাহ।
পুরোটা আয়োজনজুড়ে ছিল আনন্দ, ভালোবাসা ও আশার এক মিলনমেলা। বর্ণিল সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারীরা অনুভব করেন স্বপ্নের মতো এক বিয়ের অনুষ্ঠান।
মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’র উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’র অর্থায়নে এ গণবিবাহ সম্পন্ন হয়। নবদম্পতিদের প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়।
‘সিডস অব সাদাকাহ’র হেড অব অর্গানাইজেশন মো. জয়নুল আবেদিন জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বনির্ভর করে তোলাই তাদের মূল লক্ষ্য। এই গণবিবাহ সেই প্রচেষ্টারই অংশ।
আয়োজকদের একজন ওরকাতুল জান্নাত বলেন, ‘‘এই উদ্যোগ শুধু একটি বিয়ের আয়োজন নয়, বরং নতুন জীবনের প্রতি আত্মবিশ্বাস ও আশার আলো জাগিয়ে তোলে।’’
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









