মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জানিয়েছেন, এই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি ।
ট্রাম্প লেখেন, ‘আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন।’
তিনি বলেন, ‘গত মঙ্গলবার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে এই দুই দেশ দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্দেশ দিয়েছি, তারা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে মিলে ইসরাইল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি অর্জনে কাজ করেন।’
ট্রাম্প আরও বলেন, ‘সারা বিশ্বে ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। এটি হবে আমার দশম কাজ, তাই চলুন, এটি সফল করি!’
গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা বন্ধ রেখেছে। কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এই হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
সূত্র: সিএনএন ও আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









