বরিশাল নগরের সদর রোডে জুমার নামাজ শেষে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী। আকস্মিক এ কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়। মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির মুখে ছিল সার্জিক্যাল মাস্ক, কারও মুখ কালো কাপড়ে ঢাকা এবং অনেকেই সানগ্লাস পরিহিত ছিলেন। ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, প্রায় ৩০ জন এ মিছিলে অংশ নেন। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর তারা দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই এলাকা ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সময় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তেমন দৃশ্যমান না থাকলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই মিছিলকারীরা সরে পড়ে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, “জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী কাকুলীর মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে। পুলিশ পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়ে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং মিছিলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”
এদিকে হঠাৎ এমন ঝটিকা মিছিলকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









