রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কিয়েভে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ৬

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম

কিয়েভে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) শহরের দক্ষিণাঞ্চলের হলোসিয়িভস্কি জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকার।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইওর ক্লিমেনকো জানান, স্থানীয় বাসিন্দা এক ব্যক্তি প্রথমে রাস্তায় পথচারীদের লক্ষ্য করে গুলি চালায়। পরে সে কাছের একটি সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে জিম্মি করে।

পুলিশের সঙ্গে প্রায় ৪০ মিনিট ধরে আলোচনার পরও হামলাকারী কোনো দাবি জানায়নি। আহতদের চিকিৎসার জন্য সহায়তা দিতে চাইলেও সে সাড়া দেয়নি বলে জানান ক্লিমেনকো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাকে গুলি করে হত্যা করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১২ বছর বয়সি এক শিশুও রয়েছে। ঘটনাস্থলে চারজন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নারীর মৃত্যু হয়। জিম্মিদের মধ্যেও একজন নিহত হয়েছেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনী চারজন জিম্মিকে জীবিত উদ্ধার করে।

দেশটির প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাভচেনকো জানান, হামলাকারী ৫৮ বছর বয়সি একজন ব্যক্তি, যার জন্ম রাশিয়ার রাজধানী মস্কোতে। তিনি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে হামলাটি চালান।

কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহৃত অস্ত্রটি বৈধভাবে নিবন্ধিত ছিল। কীভাবে ওই অস্ত্রের অনুমতি দেওয়া হয়েছিল এবং হামলার পেছনের কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরো জানান, হামলাকারী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে দীর্ঘদিন বসবাস করতেন। হামলার আগে তিনি নিজের অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে বেরিয়ে আসেন বলেও জানা গেছে।

চলমান যুদ্ধের কারণে কিয়েভে প্রায়ই হামলার ঘটনা ঘটলেও এ ধরনের নির্বিচার গুলিবর্ষণ তুলনামূলকভাবে বিরল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.