বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘‘অসাধু রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নতুন লাইসেন্স প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।’’
সোমবার (২০ এপ্রিল) সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় সরবি থেকে কাটাগাং পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, ‘‘বিদেশগামী কর্মীদের জন্য প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি, সরকারি ব্যবস্থাপনায় যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে কর্মীদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা নিরাপদে গন্তব্য দেশে পৌঁছাতে পারেন।’’
হাইটেক পার্ক বিষয়ে তিনি বলেন, ‘‘অব্যবহৃত হাইটেক পার্কগুলোকে কাজে লাগিয়ে স্থানীয় যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসব কেন্দ্রকে ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে।’’
খাল পুনঃখনন কর্মসূচি সম্পর্কে আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি, পানি ব্যবস্থাপনা ও কর্মসংস্থানে টেকসই উন্নয়ন সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, ‘‘অতীতে এ কর্মসূচির মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং চাল রপ্তানিও সম্ভব হয়েছিল। তবে পরবর্তীতে এই উদ্যোগ বন্ধ হয়ে যাওয়ায় কৃষি ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ে।’’
মন্ত্রী আরও বলেন, ‘‘বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। খাল খননের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করা গেলে সেচ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা বছরে একাধিক ফসল উৎপাদনে সক্ষম হবেন।’’
এ সময় কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী কোম্পানিগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং পূর্ব ইসলামপুরে ভোলাগঞ্জ-দয়ারবাজার-ভাটরাই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









