ভারতের পশ্চিমবঙ্গে ১৭তম বিধানসভা নির্বাচনের কারণে বুড়িমারী স্থলবন্দরে টানা চার দিনের জন্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে, এ সময় জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত তিন দিন ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর বন্ধ থাকবে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই সময় সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ ও চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।
এর প্রভাব পড়বে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে। ফলে এ সময় আমদানি-রপ্তানির সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।
জানা গেছে, কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা নির্দেশনায় নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত সিলগালা এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বুড়িমারী সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৫ এপ্রিল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।
বুড়িমারী স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বজায় রাখতে নির্বাচনের আগের দিন, ভোটের দিন এবং পরের দিন এবং সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ টানা চারদিন বন্ধের চিঠি দিয়েছে চ্যাংড়াবান্ধা সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আগামী ২৫ এপ্রিল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, ভারতের নির্বাচন উপলক্ষে ইমার্জেন্সি মেডিকেল এবং ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে ভ্রমণ ভিসা এবং যারা স্টুডেন্ট ভিসায় অবস্থানরত তারা যেতে পারবেন। নেপাল এবং ভুটান-এর গমনাগমন স্বাভাবিক থাকবে। শুধু বাংলাদশি নাগরিকদের জন্য বিজনেস ভিসা এবং স্টুডেন্ট ভিসা সমূহের গমনাগমন বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের উপ-কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, বুড়িমারী স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে স্থলবন্দর বন্ধের বিষয়টি জানিয়েছে, সাথে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা জারির চিঠিটিও দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









