পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাটে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জহিরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে লোহালিয়া নদীর বগা ফেরি ঘাটের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এরআগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বগা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে বাড়ি থেকে রওনা দেন জহিরুল ইসলাম। ফেরিতে ওঠার সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ ছিল অন্ধকার। এতে অসাবধানতাবশত পা পিছলে তিনি লোহালিয়া নদীতে পড়ে যান।
ঘটনার পরপরই আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয় জেলে ও এলাকাবাসী রাতভর নদীতে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, “খবর পেয়ে মঙ্গলবার রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে অন্ধকার ও নদীর স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। বুধবার সকালে পূনরায় অভিযান চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। পরে আজ সকালে স্থানীয়রা ফোনে জানায়, নিখোঁজ ব্যক্তির মরদেহ নদীতে ভেসে উঠেছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









