বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জাটকা সংরক্ষণে পরিচালিত অভিযানে যোগ দিতে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন সরকারি কর্মচারী আহত হন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পুরাতন স্টিমারঘাট সংলগ্ন বালুমহাল স্টেডিয়াম এলাকায় এ হামলা হয়। আহতদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সরকারি অভিযানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আহতরা হলেন, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুত্বর।
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিন বলেন, “নদীতে জাটকা বিরোধী অভিযান পরিচালনার জন্য আমাদের একটি দল আগে থেকেই স্টিমারঘাট এলাকায় অবস্থান করছিল। আমরা তিনজন মোটরসাইকেলযোগে সেখানে যোগ দিতে যাচ্ছিলাম। পথিমধ্যে বালুমহাল স্টেডিয়ামের কাছে পৌঁছালে হঠাৎ আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।”
তিনি আরও জানান, মোটরসাইকেল থামাতে বাধ্য হওয়ার পরই পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার ও জহির মাতুব্বরের নির্দেশে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বেধড়ক মারধর ও মোটরসাইকেলটি ভাঙচুর করে।
মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিন উদ্দিন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আমরা পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।”
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
অভিযুক্ত মোহাম্মদ হোসেন গাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাটকা সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানের কারণে একটি প্রভাবশালী চক্র ক্ষুব্ধ হয়ে এমন হামলা চালাতে পারে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মৎস্য কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









