নাটোরের গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাতে উপজেলার মহারাজপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গুরুদাসপুর থানার একটি টিম নিয়মিত রাত্রীকালীন ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান ও বাজার টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি চালিয়ে তাদের দেহে লুকানো অবস্থায় মোট ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ২০.০৪ গ্রাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বানী মোল্লা (৩৭), মো.শুভ ইসলাম (২২), মো. হাসিবুল ইসলাম (২১), রাব্বি হোসেন (১৯) এবং মো. মেহেদী হাসান (২০)। সকলেই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









