ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকায় জনদুর্ভোগ কমানো ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে একাধিক সড়ক নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।
স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের (এলজিসআরআরপি) আওতায়, বিশ্বব্যাংকের অর্থায়নে গৌরীপুর পৌরসভা এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সোবহান সুলতান, আলহাজ্ব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায়ে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া।”
তিনি আশা প্রকাশ করেন, সড়কগুলোর কাজ শেষ হলে পৌরবাসীর যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।
এরআগে, গৌরীপুর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। ‘গৌরীপুর সম্মিলিত ব্যবসায়ী ফোরাম’-এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ী নেতারা বাজার এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
ব্যবসায়ীরা বিশেষ করে তীব্র যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং প্রধান সড়ক প্রশস্ত করার দাবি জানান। তারা অভিযোগ করেন, এসব সমস্যার কারণে প্রতিদিন ক্রেতা ও বিক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছেন, যা স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেন, “গৌরীপুর বাজারের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকার। তিনি যানজট নিরসন, ড্রেনেজ উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









