নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “পূর্বাচলের আদিবাসীরা তাদের পৈতৃক ভিটেমাটি হারিয়ে আজ যাযাবর জীবনযাপন করছেন। আধুনিক উপশহর গড়ার স্বপ্নে তারা মাত্র ৫ হাজার টাকা শতাংশ দরে তাদের অমূল্য সম্পদ সরকারের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ তিন দশকেও হাজার হাজার আদিবাসী তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিশ্রুত প্লট বুঝে পাননি। উল্টো শেখ হাসিনার শাসনামলে ‘১৩/ক’ ধারার অপব্যবহার করে আদিবাসীদের সেই প্রাপ্য অধিকার কেড়ে নিয়ে ছাত্রলীগ নামধারী টুঙ্গিপাড়ার হেলমেট বাহিনীর সদস্যদের মধ্যে হরিলুট করা হয়েছে।”
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পূর্বাচলের ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া আহলে হাদিস জামে মসজিদের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রাজউক কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, “আদিবাসীদের অধিকার নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। যদি অতিদ্রুত প্রকৃত মালিকদের হাতে তাদের প্লট বুঝিয়ে দেওয়া না হয়, তবে পূর্বাচলের বঞ্চিত আদিবাসীদের সঙ্গে নিয়ে রাজধানী ঢাকার রাজপথ ঘেরাও করে রাজউক কার্যালয় অচল করে দেওয়া হবে।”
তিনি আরো অভিযোগ করেন, পূর্বাচল প্রকল্পের জন্য যারা জমি দিয়েছেন, তারা আজ নিজ ভূমিতেই পরবাসী। বিগত সরকার দলীয় প্রভাব খাটিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে আদিবাসীদের বঞ্চিত করেছে। কিন্তু বর্তমান সময়ে আর কাউকেও অন্যের হক নষ্ট করতে দেওয়া হবে না। জনগণের অধিকার আদায়ে তিনি শেষ পর্যন্ত রাজপথে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ আদিবাসী উপস্থিত ছিলেন। বক্তারা এসময় তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে অবিলম্বে রাজউকের হস্তক্ষেপ কামনা করেন এবং বৈষম্যহীনভাবে প্লট বরাদ্দের দাবি জানান।
অনুষ্ঠানের শেষে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









