রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারায়ণগঞ্জ বাংলাদেশের শিল্পায়নের ঐতিহাসিক কেন্দ্র: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

নারায়ণগঞ্জ বাংলাদেশের শিল্পায়নের ঐতিহাসিক কেন্দ্র: বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “নারায়ণগঞ্জ শুধু একটি জেলা নয়। এটি বাংলাদেশের শিল্পায়নের ঐতিহাসিক কেন্দ্র। এক সময় দেশের পাটশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চল প্রাচ্যের ড্যান্ডি হিসেবে খ্যাতি অর্জন করেছিল। জাতীয় আয়ে এ অঞ্চল অসামান্য অবদান রেখেছে।”

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাট মেলা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, “পাটের উৎপাদন ও বহুমুখী পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি ও সরকারি বেসরকারি পাটকলগুলো যেন চালু থাকে এবং বিদ্যমান সমস্যা নিরসনে ইতিমধ্যে এ সরকার উদ্যোগ নিয়েছে। পাট জাতীয় পন্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করতে আমরা কাজ করছি। পাট আমাদের রপ্তানির দুই শতাংশ। বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পাটের ওপর গুরুত্ব অনেক। প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগের যে বিশাল চাহিদা বিদেশে সেদিকে বিগত সরকার নজর দেয়নি।”

তিনি আরো বলেন, “চলতি অর্থ বছরে আমাদের লক্ষ্য ছিল নয়শো মিলিয়ন ডলার আয় করা। ইতিমধ্যে চারশো নব্বই মিলিয়ন ডলার আয় হয়েছে। কাঁচা পাট উৎপাদনে ও পাট রপ্তানিতে বাংলাদেশ প্রথম। বেগম খালেদা জিয়া পাটের বহুমুখী ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন। তার বক্তব্যে পাট চাষীদের পাট বীজ ও সার প্রদানের কথা তিনি বলতেন। বর্তমান বিশ্বে পরিবেশ রক্ষায় প্লাস্টিকের পরিবর্তনে পাটের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। খালেদা জিয়ার সময়েই সরকার পলিথিন নিষিদ্ধ করে।”

পাটমন্ত্রী বলেন, “পাট থেকে তৈরি পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পাট চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহারের অভাব, উন্নত বীজের অভাব ব্যায় বৃদ্ধি ও কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়া বাজারজাতকরণের সমস্যা আমাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।পাটের বীজ আমাদের আনতে হয় বিদেশ থেকে। এ সরকারের অগ্রাধিকার আমরা আগামী দিনে পাটের বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো আমরা। আমরা সমন্বিত উদ্যোগ নিচ্ছি পণ্য ডিজাইন ও ব্রান্ডিংয়ের জন্য।”

তিনি আরো বলেন, “পাট পন্য উৎপাদনকারীদের জন্য ঋণের সুবিধা দেওয়ার কাজ করা হচ্ছে। আমরা বিসিকে যে মেলায় যাই সেখানে প্রায়ই দেখি পাট উৎপাদনকারীদের অনলাইন প্ল্যাটফর্ম আছে। আমরা নারায়ণগঞ্জকে কেন্দ্র করে আধুনিক পাট শিল্প ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনা করেছি। যেখানে উৎপাদন, গবেষণা, প্রশিক্ষণ ও বিপনন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হবে। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতি শক্তিশালী হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, “গত পরশুদিন সংসদে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দিপু ভূঁইয়া আমার সাথে কথা বলেছেন। তিনিও এটার জন্য ডিও লেটার দিয়েছেন। আমি স্থানীয় এমপি কালাম সাহেবকেও বলবো আপনিও একটি ডিও লেটার দিন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এসেছি। আমরা সহযোগিতা করবো এখানে যেন অত্যাধুনিক একটি হলরুম করা হয়৷ এ ব্যাপারে আমাদের সহযোগীতা থাকবে।”

তিনি আরো বলেন, “এই জিয়া হলের প্রাঙ্গনটি গত সতেরো বছর ক্ষমতায় থাকা অবস্থায় শুধু এই প্রতিষ্ঠানটিই নয়, জিয়া পরিবার ও গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল শুধুমাত্র একটি পরিবারের লোকজন ছাড়া কারও নাম কোথাও রাখার চিন্তা তাদের ছিল না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এখানে লিপিবদ্ধ আছে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, “উদ্যোক্তাদের বলবো আপনারা এটাকে আরও আধুনিক ভাবে যেন রুপান্তর করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরও কিছু প্রশিক্ষণ প্রয়োজন। সেই প্রশিক্ষণে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো। আমাদের বিভিন্ন সংস্থা এ ধরণের আয়োজন করে থাকে। বিসিক থেকেও এ ধরণের আয়োজন করা হয় যেটা পাটসহ অন্যান্য পণ্য মিক্স থাকে। আমাদের পাট অধিদপ্তর থেকে পাট পণ্যগুলো উপস্থাপন করার জন্য এই আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। এ কারণে প্রথমেই নারায়ণগঞ্জকে বেছে নেওয়া হয়েছে। এখান থেকে মেলার কার্যক্রম শুরু হয়েছে।”

এ সময় বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জা/না/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.