কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ এক মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে টেকনাফের মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে সেখান থেকে ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ইয়াসিন টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানবপাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









