নাটোরের নলডাঙ্গা উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের পীরগাছা বাজারে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।
অভিযানে মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেনের কাছে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল মজুদ পাওয়া যায়। তদন্তে জানা যায়, তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করছিলেন। প্রতি লিটার ডিজেল ১২০ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৫০ টাকা বেশি দামে বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দ করা ৫০০ লিটার পেট্রোল স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দিয়ে সাধারণ মোটরসাইকেল চালকদের মাঝে সরকারি মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। একইভাবে জব্দকৃত ৫০০ লিটার ডিজেল কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিতরণের জন্য চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন বলেন, “এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









