গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশের ছদ্মবেশ ধারণ করে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা চালানোর সময় চার ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনগণ তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিকিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে করে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সিকিরবাজার এলাকায় ওত পেতে ছিল। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী দুই ভাই শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার । পথে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নেয় ডাকাতরা।
পরে ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকিরবাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা প্রতিরোধ গড়ে তোলে।
বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং রিকশা-ভ্যান দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতদের গতিরোধের চেষ্টা করা হয়। একপর্যায়ে আগৈলঝাড়া অভিমুখে পালানোর সময় দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয় জনতা এবং অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে।
তবে ডাকাত দলের বাকি সদস্যরা স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আহত দুই ডাকাতকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এছাড়া আহত দুই ব্যবসায়ীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন—বরিশালের উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের সেকেন্দার ঢালীর ছেলে রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধাল গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াছ (৩২), একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে পারভেজ (৩৩) এবং বরগুনার বামনা উপজেলার মিজানের ছেলে জহির (৩৮)। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
এদিকে, আটক ডাকাতদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কোটালীপাড়ার বান্দর গ্রামে সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী ও স্লুইজগেট এলাকার মধ্যবর্তী স্থান থেকে একটি খেলনা পিস্তল, র্যাবের পোশাক ও হ্যান্ডকাফ উদ্ধার করেছে পুলিশ।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









