নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করেছে।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সর্বশেষ গত রাত আড়াইটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় কোটি টাকার মালামাল লুটে নিয়ে যায়।
ভুক্তভোগী প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লা জানান, মাত্র এক সপ্তাহ আগে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। গত রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি সুসংগঠিত সশস্ত্র ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পিস্তল ঠেকিয়ে হিরণ মোল্লা ও তার পরিবারের সদস্যদের একটি কক্ষে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে নগদ ২৭ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৪ হাজার ব্রিটিশ পাউন্ডসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









