পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিয়ে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। শিক্ষকের সংখ্যা চারজন হলেও শিক্ষার্থী মাত্র পাঁচজন। শ্রেণিকক্ষ প্রায় অচল, স্কুল কম্পাউন্ডে গড়ে উঠেছে গরুর খামার।
উপজেলার দীর্ঘা ইউনিয়নের দক্ষিণ দীর্ঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির শ্রেণিকক্ষগুলো কার্যত অচল, অনেক কক্ষ তালাবদ্ধ, কোথাও ধুলাবালি জমে আছে, আবার কোনো কোনো কক্ষে নির্মাণ সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। একটি কক্ষে এলোমেলোভাবে পড়ে আছে কয়েকটি বেঞ্চ।
বিদ্যালয়ের কম্পাউন্ডে গড়ে উঠেছে একটি গরুর খামার। শ্রেণিকক্ষের সন্নিকটে গবাদিপশু রাখার কারণে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ বলে মনে করছেন স্থানীয়রা। আশ্চর্যের বিষয়, বিদ্যালয়ের লাইব্রেরির তুলনায় গরুর গোয়ালঘরটিই বেশি পরিচ্ছন্ন বলে জানান এলাকাবাসী।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অর্পণ ঘরামী জানায়, তাদের শ্রেণিতে শিক্ষার্থী মাত্র দুইজন। প্রথম শ্রেণিতে রয়েছে একজন, অন্য শ্রেণিগুলোতে কোনো শিক্ষার্থী নেই। সে আরও জানায়, শিক্ষকরা নিয়মিত দেরিতে আসেন এবং আগেভাগেই চলে যান।
স্থানীয় বাসিন্দা অমল বেপারী জানান, স্কুলটিতে শিক্ষার্থী অপেক্ষাকৃত খুবই কম। এছাড়াও স্থানীয় এক ব্যক্তি স্কুল কম্পাউন্ডে নির্মাণ করেছে গরুর খামার।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনানীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামিম হাসান বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী স্বল্পতার বিষয়টি ইতোমধ্যে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম জানান, " বিদ্যালয়ের পাশে গরুর খামার ও শিক্ষার্থী স্বল্পতার বিষয়েও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনা চললেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









