গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. সিদ্দিক মোল্লা।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতা বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা ছিলেন।
লিখিত বক্তব্যে সিদ্দিক মোল্লা বলেন, দীর্ঘদিন আগে বর্নি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। তবে নতুন কমিটি হওয়ার পর বর্তমানে আওয়ামী লীগের কোন কমিটিতে নাম আছে সেটা জানি না।
তিনি আরও বলেন, তাই অজান্তে যদি আওয়ামী লীগের কোন কমিটিতে আমার নাম থেকে থাকে তাহলে আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে সকল ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আগামীতেও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবো না বলে অঙ্গীকার করলাম।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









