ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান ওরফে লিটু (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার আতাদি এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার লিটু সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে যাত্রীবাহী বাসে করে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনাক্ত করে তল্লাশি চালালে একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতু চালু এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হলেও একই সঙ্গে এই রুট ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। ভাঙ্গা এখন অনেকটা ‘ট্রানজিট পয়েন্টে’ পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন জেলার যানবাহন মিলিত হয়।
ডিএনসি কর্মকর্তারা জানান, গত এক মাসে এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় একাধিক অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, “ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এখন মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই নেটওয়ার্ক ভেঙে দিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং কোনোভাবেই মাদকসহ কাউকে পার পেতে দেওয়া হবে না।”
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে সোমবার (২৭ এপ্রিল) আদালতে পাঠানো হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, ইয়াবার মতো মাদকের সহজলভ্যতা তরুণ সমাজের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









