লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক নুর ইসলামের উপরে হামলার অভিযোগ উঠেছে সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন সিন্টুর বিরুদ্ধে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়িমারী স্থলবন্দরে এ ঘটনা ঘটেছে।
মো. নুর ইসলাম জাতীয় দৈনিক ‘এদিন’ ও ‘ফেস দ্য পিপল’-এর পাটগ্রাম উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ও প্রেস ফাইভ লালমনিরহাটের সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর ইয়ার্ডের ২ নম্বর গোডাউনে ছবি তোলাকে কেন্দ্র করে সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন সিন্টু ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারেই জেরে তিনি নিরাতকে লক্ষ্য করে হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ বিষয়ে নুর ইসলাম জানান, ঘটনার দিন সকালে আমিনুল নামের এক ব্যক্তি উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের যুবদলের সভাপতি পরিচয়ে মোবাইলফোনে কল করে তার অবস্থান জানতে চান। তিনি জিরোপয়েন্ট এলাকায় আছেন জানালে তাকে সেখানে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণের মধ্যেই আমিন ক্যান্টিনের সামনে ফারুক হোসেন সিন্টু মোটরসাইকেলে এসে তাকে বেধড়ক মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগীও হামলায় অংশ নেয়।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি সংবেদনশীল স্থানে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তাকে উদ্দেশ্য করে বলা হয়, “সাংবাদিকতার নাম মুছে দিবো” এবং “জিরোপয়েন্ট এলাকায় আর পা রাখতে পারবি না।” পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নুর ইসলাম সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “বুড়িমারী স্থলবন্দরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









