ডিজেল সংকট কাটিয়ে স্বস্তি ফিরেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৃষকদের মাঝে। কিছুদিন আগেও ডিজেল সংকটের কারণে ইরি-বোরো ধানক্ষেতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। সময়মতো পানি না পাওয়ায় কয়েক হেক্টর জমির ধান নুইয়ে পড়ার পাশাপাশি চিটা হওয়ার আশঙ্কা দেখা দেয়, যা নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্টদের তৎপরতায় বর্তমানে ডিজেল সরবরাহ স্বাভাবিক হয়েছে। ফলে কৃষকরা পুনরায় নিয়মিত সেচ দিতে পারছেন এবং ধানক্ষেতে প্রাণ ফিরেছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে কোনো সংকট নেই। ভবিষ্যতেও এ সরবরাহ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। বর্তমানে পর্যাপ্ত ডিজেল থাকায় সেচ কার্যক্রমে কোনো সমস্যা নেই। ধানের ফলনও ভালো হওয়ার আশা করছি।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে নেছারাবাদে প্রায় ৫ হাজার ৬১০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ হয়েছে, যা ইতোমধ্যেই ভালো অবস্থায় রয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিজেল সংকট কেটে যাওয়ায় তারা এখন অনেকটাই স্বস্তিতে আছেন।
কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, অনুকূল আবহাওয়া ও বর্তমান পরিস্থিতি বজায় থাকলে চলতি মৌসুমে নেছারাবাদে বোরো ধানের বাম্পার ফলন হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









