বরিশালের বানারীপাড়া উপজেলায় হাবিবুর রহমান মোল্লা (৫০) নামে এক জেলের মৃত্যু ঘটনায় স্ত্রী ও ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১ মে) সকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হাবিবুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হাবিবুরের স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগরকে সন্দেহ করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে তাকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে।
গ্রামবাসীদের মতে, নিহতের নাক, মুখমণ্ডল, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে, যা তাদের সন্দেহকে জোরালো করেছে।
ঘটনার খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৌমেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









