ফরিদপুর সদর উপজেলার আলোচিত তিন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ বিষয়ে দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বিয়ে না দেওয়া এবং দীর্ঘদিনের মানসিক হতাশা থেকেই আকাশ মোল্লা (২৮) এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে উঠে এসেছে যে, ব্যক্তিগত জীবনের হতাশা ও মানসিক অস্থিরতার কারণে আকাশ হঠাৎ করেই সহিংস হয়ে ওঠে এবং পরিকল্পনাহীনভাবে এ হামলা চালায়। ঘটনার পেছনে অন্যকোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
এরআগে, সোমবার (২৬ এপ্রিল) রাতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকায় কোদাল দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে আকাশ। নিহতরা হলেন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫)। একই ঘটনায় রিয়াজ মোল্লা গুরুতর আহত হন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









