পিরোজপুরের নেছারাবাদে ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফে নির্মাণাধীন তিনতলা বিশিষ্ট একটি গণশৌচাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দরবার শরীফের ভেতরে নির্মাণাধীন ভবনটির একটি অংশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্বরূপকাঠি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা নির্মাণ কাজে ব্যবহৃত দাহ্য সামগ্রী থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও ছারছীনা দরবার শরীফ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যা ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে আনা হয়েছিল।
ছারছীনা দরবার শরীফের মিডিয়া সেলের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, “ঘটনার সময় সেখানে নির্মাণকাজ চলছিল। হঠাৎ আগুন দেখা দিলে ফায়ার সার্ভিসে খবর দেই। তাদের দ্রুত উপস্থিতির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।”
তিনি আরো জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেছারাবাদ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা নির্মাণ কাজে ব্যবহৃত দাহ্য সামগ্রী থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









