বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কোটালীপাড়ায় ধান কাটায় ধীরগতি, দুশ্চিন্তায় কৃষক

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:৫৫ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ০৮:৫৫ পিএম

কোটালীপাড়ায় ধান কাটায় ধীরগতি, দুশ্চিন্তায় কৃষক

শ্রমিকের অভাব ও বৃষ্টির কারণে সময়মত ধান কাটতে পারছেন না কোটালীপাড়ার কৃষকরা। অনেক জায়গায় পাকা ধান ক্ষেতেই পড়ে আছে, আবার কোথাও কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সময়মতো ধান ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জেলা থেকে যারা আসছেন তাদের মজুরিও বেড়ে গেছে। বৃষ্টির কারণে অনেক শ্রমিক কাজ শুরু করে মাঝপথেই চলে যাচ্ছেন। এছাড়া ধান কাটার কৃষিযন্ত্র চালাতে দক্ষ অপারেটরের অভাবেও সমস্যায় পড়তে হচ্ছে।

তারাশী গ্রামের কৃষক হিটু তালুকদার বলেন, “শ্রমিকের অভাবে পাকা ধান জমিতে পড়ে আছে। অল্প সংখ্যক শ্রমিক যাও মিলছে তাদের মজুরি অনেক বেশি, তাই খরচও বেড়ে যাচ্ছে। এভাবে চললে লাভ তো দূরের কথা, খরচই উঠবে না।”

কান্দি গ্রামের কৃষক সুরেস মধু বলেন, “ধান পেকে গেছে, কিন্তু জমিতে পানি থাকায় মেশিন নামানো যাচ্ছে না। খুব দুশ্চিন্তায় রয়েছি। অন্যদিকে ধান কাটার পর মাড়াই নিয়েও নতুন সংকটে পড়েছেন কৃষকরা। ডিজেলের ঘাটতির কারণে পর্যাপ্ত মাড়াই মেশিন চালানো যাচ্ছে না। ফলে অনেক জায়গায় কাটা ধান সময়মতো মাড়াই করা সম্ভব হচ্ছে না, যা ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৭৯৪ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ২৬ হাজার ৮০৩ হেক্টর জমিতে। গত ২০ এপ্রিল থেকে ০৫ মে পর্যন্ত ৬ হাজার ৯৬৭ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এখনো বাকি রয়েছে প্রায় ১৯ হাজার ৮৩৪ হেক্টর জমির ধান কর্তন। যা মোট আবাদকৃত জমির প্রায় ৭৬ শতাংশ।

উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, “বৃষ্টির কারণে পানি জমে থাকায় যন্ত্রের মাধ্যমে ধান কাটতে সমস্যা হচ্ছে। উপজেলায় ১৮টি কম্বাইন হারভেস্টার ও ১৫৬টি রিপার মেশিন রয়েছে, তবে সব জায়গায় তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আমরা কৃষকদের সহযোগিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।”

তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ২০ থেকে ২৫ মে’র মধ্যে ধান কাটা শেষ করা সম্ভব। 

হা/কো/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.