নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী তুলা কারখানার শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লুইজগেট এলাকায় অবস্থিত নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৭ শতাধিক শ্রমিক কাজ করেন। চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল এই তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বারবার আশ্বাস দিলেও মালিকপক্ষ বেতন পরিশোধ না করায় শ্রমিকদের জীবনে চরম সংকট নেমে এসেছে। অনেকেই ঠিকমতো খাবার জোগাড় করতে পারছেন না, স্থানীয় দোকানদাররা বাকিতে পণ্য দিচ্ছেন না, বাড়িওয়ালারাও ভাড়ার জন্য চাপ দিচ্ছেন।
এর আগে শ্রমিকরা নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নে অভিযোগ জানালে মালিকপক্ষ ৬ মে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু নির্ধারিত দিনে সকালে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবি জানালে কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। ফলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিকপক্ষ বৃহস্পতিবার (৭ মে) সকালে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, “শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। মালিকপক্ষ বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









