বরিশালের উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. তাফসির ইসলাম (১৯)। তিনি উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে।
জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে কেন্দ্রে প্রবেশ করেন তাফসির ইসলাম। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হলে তাকে হাতেনাতে আটক করা হয় এবং বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন, “পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এখানে কোনো ধরনের অনিয়ম, জালিয়াতি বা প্রক্সি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।”
প্রশাসন জানিয়েছে, পাবলিক পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে এবং নকল ও জালিয়াতি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









