সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের পাশে দাঁড়াতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের দুর্ভোগের কথা শুনে দ্রুত পুনর্বাসন কার্যক্রম জোরদারের আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদর উপজেলা এবং দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এখানে এসেছি। দুর্যোগের এই সময়ে কেউ নিজেকে অসহায় মনে করবেন না। নির্বাচিত সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।”
তিনি আরো বলেন, “বন্যার শুরু থেকেই প্রশাসন, জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা সম্মিলিতভাবে দুর্গত মানুষের সহায়তায় কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক পরিবার ঘরবাড়ি ও ফসলের ক্ষতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সরেজমিন পরিদর্শন এবং পুনর্বাসনের আশ্বাস দুর্গত মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









