জামালপুরের বকশীগঞ্জে টয়লেটে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন সমাধান করতে গিয়ে বহিষ্কার হয়েছেন জিসান রহমান নামে এক এসএসসি পরীক্ষার্থী। সে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী।
জানা গেছে, মঙ্গলবার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ টয়লেটে যান পরীক্ষার্থী জিসান রহমান। সেখানে মোবাইল ফোন ঘেঁটে প্রশ্নপত্রে সমাধান লিখে নেন।
দীর্ঘক্ষণ ওই পরীক্ষার্থী টয়লেট থেকে নিজ আসনে ফিরে না আসায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে সিসি ক্যামেরায় তার কাছে মোবাইলফোন থাকার বিষয়টি ধরা পড়ে।
ঘটনাটি কক্ষ পরিদর্শক পরীক্ষাকেন্দ্র সচিবকে অবগত করলে তাকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, পরীক্ষার হলে অনিয়মের কোনো সুযোগ নেই। অসদাচরণ ও নকলের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রয়েছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









