গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়ার বর্নি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাতার প্রবাসী রানা মুন্সির অন্তঃসত্ত্বা স্ত্রী মেঘলা খানম (২৮), শাহ জামাল মুন্সি (৪৫), আজাদ মুন্সি (৪২), রুবেল মুন্সি (৪০), লোটাস মুন্সি (৩৮) এবং শাহনারা বেগম (৭০)।
স্থানীয়রা জানান, বাড়ির জমিজমা নিয়ে বর্নি গ্রামের রানা মুন্সির সঙ্গে চাচাতো ভাই ওবায়েদ মুন্সির মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে ওই জমিতে সীমানা প্রাচীর তোলার কাজ করছিলেন রানা মুন্সীর স্ত্রী। এ সময় ওবায়েদ মুন্সী ও তার লোকজন দলবদ্ধ হয়ে তাকে মারধর করেন।
এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে যখম করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন, গুরুত্বর আহত ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধা শাহনারা বেগমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত মেঘলা খানম জানান, ওবায়েদ মুন্সির সঙ্গে তাদের বাড়ির জমির সীমানা নিয়ে মামলা চলছিল। এ বিষয়ে কোর্টে তিন বার নিজের পক্ষে রায় পাওয়ার পর ও গ্রাম্য সালিশে মীমাংসার পর সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওবায়েদ মুন্সি আনুমানিক প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে ফুলকুচি, রামদা ও গরু জবাই দেওয়ার ছুড়ি নিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা করে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









