ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি কেক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় সাইনবোর্ডবিহীন ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কারখানাটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স ছিল না এবং লাইসেন্স ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার, অনুমোদনহীন রং প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের বিষয়টি অভিযানে ধরা পড়ে।
এসব অপরাধে কারখানাটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং খাদ্য উৎপাদনে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









