নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিব হোসেন (২৬), মোঃ ফাহিম (২২), মোঃ ইসলাম (২২) সবাই সোনারগাঁ উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অবস্থানকালে ওই তিন যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের (ওসি) মহিবুল্লাহ্ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









