লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ ৯১ বছরের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে বিদ্যালয়টি নিজস্ব খেলার মাঠ পেতে যাচ্ছে—এ খবরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনায় ইতোমধ্যে মাঠের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ ও সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরেজমিন তদন্তের জন্য কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রশাসকের পক্ষে রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. বরকত উল্লাহ স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে জারি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে খেলার মাঠের অভাবে ভুগছিল। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা ও শারীরিক বিকাশের প্রয়োজনীয় সুযোগ থেকে বঞ্চিত ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৭ জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল হক জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানান।
স্থানীয়দের মতে, মাঠ না থাকায় বিদ্যালয়ে জাতীয় দিবসের অনুষ্ঠানসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আয়োজন করা সম্ভব হতো না। এতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ছিল।
জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এখন সেই দীর্ঘদিনের সংকট নিরসনের পথে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, দ্রুত তদন্ত শেষে প্রয়োজনীয় জমি বরাদ্দ সম্পন্ন হলে শিক্ষার্থীরা তাদের নিজস্ব মাঠে খেলাধুলা করতে পারবে এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









