কুমিল্লা জেলা প্রশাসনের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে দেবিদ্বার উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ এপ্রিল) পরিচালিত এ অভিযান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
দেবিদ্বার উপজেলার চন্দ্রনগরে মেসার্স এমবিএস ব্রিকস এবং মেসার্স ফাইভ স্টার ব্রিকসে অভিযান চালিয়ে ইটভাটা দুটির চিমনি ও কিলন ভেঙে ফেলা হয় এবং তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিবেশ দূষণের দায়ে প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়—প্রতিটি ইটভাটাকে ৭৫ হাজার টাকা করে—যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ।
অভিযানে উপস্থিত ছিলেন পরিদর্শক জোবায়ের হোসেন ও হিসাবরক্ষক মো. তোফায়েল আহমেদ মজুমদার।
আইন-শৃঙ্খলা রক্ষায় দেবিদ্বার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কুমিল্লা জেলায় পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









