রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় নির্মাণাধীন কাঁচাবাজার মার্কেট এবং নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় প্রশাসক স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ভোটের অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিনদের জন্য ভাতা প্রদান, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে।” তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আগামী ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, গত ১৫ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবা নিশ্চিত করা এবং নগরবাসীর চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সবার সহযোগিতায় রাজশাহীকে দেশের পাশাপাশি বিশ্বের অন্যতম সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রশাসক জানান, দ্রুত সময়ের মধ্যে নওদাপাড়া কাঁচাবাজার মার্কেটের নির্মাণ কাজ সম্পন্ন করে বিধি অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। এতে সিটি করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি নগরীর শিশু হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরে চলমান সৌন্দর্যবর্ধন কাজ এবং লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টারের কাজও ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নওদাপাড়া বাজার সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









