বরিশালে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগদানে নতুন রাজনৈতিক সঞ্চার লক্ষ্য করা গেছে। এই যোগদানকে ঘিরে দলটির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
শনিবার (২ মে) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সুশৃঙ্খল ও প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এসময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা। তিনি বলেন, ‘‘জনগণের প্রত্যাশা পূরণে একটি কার্যকর ও বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে এনসিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দল থেকে আগ্রহ প্রকাশ করা নেতাকর্মীদের মধ্যে আজ শতাধিক ব্যক্তি সদস্য ফরম পূরণ করে দলে যোগ দিয়েছেন, যা আমাদের সাংগঠনিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।’’
তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে এনসিপিতে যোগদান করেন। তাদের এই অন্তর্ভুক্তি এনসিপির তৃণমূল পর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গণমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি কাজ করছে। নতুন এই যোগদান দলটির কর্মপরিধি বাড়ানোর পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করে তুলবে।
এছাড়াও, ভবিষ্যতে যারা এনসিপিতে যুক্ত হতে আগ্রহী, তাদের হাতে সদস্য ফরম তুলে দেওয়া হবে। আয়োজকরা মনে করছেন, এই ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে অদূর ভবিষ্যতে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এনসিপির সাংগঠনিক বিস্তার আরও দৃশ্যমান হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









