নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ মে) দিবাগত গভীররাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা (সিএ) সিরাজুল ইসলামের ফ্লাটে এ ঘটনা ঘটে।
ডাকাতরা বাসার পেছনের গ্রিল কেটে ভেতরে ঢুকে সিরাজুল ইসলামের (৩৫) হাত-পা বেঁধে ফেলে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী (২৭) ও শিশু সন্তানকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, স্ত্রী ও আড়াই বছরের সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে বৃষ্টির মধ্যে ৩-৫ জনের একটি সংঘবদ্ধ দল সীমানা প্রাচীর টপকে বাসার পেছনের গ্রিল কেটে শয়নকক্ষে প্রবেশ করে। তাদের সবার মুখ কাপড়ে ঢাকা ছিল এবং হাতে দেশীয় অস্ত্র ছিল।
তিনি বলেন, “কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে আমাকে বেঁধে ফেলে। আমার স্ত্রী ভয়ে কম্বলের নিচে লুকিয়ে পড়ে। পরে তারা আলমারি ও ওয়ারড্রোব ভেঙে নগদ প্রায় ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, দুটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটনফোন নিয়ে যায়।”
প্রায় আধা ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে ডাকাতরা বাসার বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “উপজেলা পরিষদ চত্বরে এমন ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পরপরই পুলিশ ও ডিবি সদস্যরা অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে।”
সরকারি কোয়ার্টারে বসবাসরত অন্যান্য কর্মকর্তারা বলেন, সংরক্ষিত এলাকায় এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত দেয়। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দুদু বলেন, “গুরুদাসপুরে এর আগে এমন ঘটনা ঘটেনি। শান্তিপ্রিয় এলাকায় এ ধরনের ডাকাতি উদ্বেগজনক। কমিউনিটি ওয়াচ গঠন করে পুলিশের সঙ্গে সমন্বয়ে অপরাধ প্রতিরোধে কাজ করতে হবে।”
সম্প্রতি পৌরসভার কামারপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাসায় একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে, যেখানে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করা হয়। একই পরিবারের ছয়টি গরু চুরি, সরকারি হাসপাতালে ঢুকে রোগীকে মারধরের মতো ঘটনাও ঘটে চলেছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “ডাকাতি দমনে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









