শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৯:৪৫ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ০৯:৪৫ পিএম

দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: ব্যাপক ক্ষয়ক্ষতি

পটুয়াখালীর দুমকিতে কালবৈশাখী ঝড়ের আকস্মিক তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। গাছ উপড়ে পড়ে দোকানঘর চুরমার হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার ওপর দিয়ে তীব্র বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। 

ঝড়ের তাণ্ডবে হাসপাতাল সড়কে অবস্থিত একটি বিশাল ‘চাম্বল’ গাছ শিকড়সহ উপড়ে পড়ে। গাছটি সরাসরি পাশের দুটি দোকানের ওপর আছড়ে পড়লে দোকানঘর দুটি পুরোপুরি বিধ্বস্ত হয়।

মুদি দোকানি সৈয়দ নিজাম এবং ব্যবসায়ী সৈয়দ আবুল কাসেম জানান, গাছের চাপে দোকানের ফ্রিজসহ ভেতরে থাকা মূল্যবান মালামাল নষ্ট হয়ে গেছে। তবে ঝড়ের আভাস পেয়ে আগেভাগেই দোকান তালাবদ্ধ করে নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

একই সময়ে উপজেলার আংগারিয়া ইউনিয়নের কদমতলা বাজারেও ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা গেছে। সেখানেও গাছ উপড়ে একটি দোকানঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সেখানেও কেউ হতাহত হয়নি বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দোকানের মালামাল নষ্ট হওয়ায় আমরা এখন নিঃস্ব। আমরা সরকারের কাছে দ্রুত সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া সম্ভব হয়নি।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, উপড়ে পড়া গাছ সরিয়ে সংযোগ সচল করার কাজ দ্রুত শুরু করা হয়েছে।

জ/দু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.