মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা-তে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।
রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়া-কেও পুলিশ আটক করেছে। তার বাড়িও একই এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। এ হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধর্মীয় স্থানে এমন সহিংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জহিরুল ইসলাম মুন্না, অফিসার ইনচার্জ (ওসি), শ্রীমঙ্গল থানা পুলিশ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তাকে হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









