ময়মনসিংহে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার (৫ মে) সকাল ১০টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
তিনি বলেন, আনুমানিক ৪৭ বছরের ওই ব্যক্তি সকালে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন দিয়ে হাটাহাটি করছিলেন। সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে ওই এলাকা পর্যন্ত আসতেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।
ওসি মো. আকতার হোসেন আরও বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









