দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় ২৩ বছর পর এই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
গত শুক্রবার (১ মে ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে নূরুজ্জামান সোহেলকে সভাপতি এবং এ কে এম সুজাউদ্দীনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
৩২০ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ নেতৃত্ব কাঠামো গড়ে তোলা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অতীতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করবে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের পর নানা রাজনৈতিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ জটিলতার কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। এ সময়ে আংশিক কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলেও তৃণমূল পর্যায়ে স্থবিরতা কাটাতে এবার বৃহৎ পরিসরে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটি প্রসঙ্গে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল বলেন, এই কমিটিতে নবীন ও প্রবীণদের সমন্বয় করা হয়েছে। বিগত সময়ে যারা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









